বছর সাতেক আগে নোটবন্দির স্মৃতি এখনও ভোলেননি হয়তো কেউ। এরই মধ্যে ২০০০ টাকার নোট নিয়ে বড়সড় আপডেট এল। সেপ্টেম্বর মাসের ৩০ তারিখের মধ্যেই জমা করতে হবে ২০০০-এর সমস্ত নোট। কিন্তু কীভাবে জমা করতে হবে? ব্যাঙ্কে জমা দেওয়ার কথা তো সবাই জানেন, কিন্তু কবে থেকে জমা দেওয়ার প্রক্রিয়া চালু হবে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে সেই সংক্রান্ত নিয়মকানুনও।
যদিও রাজ্যবাসীর একটা অংশের মত, বাজারে ২০০০ টাকার নোট এখন প্রায় দেখা যায় না বললেই চলে। ব্যাঙ্ক থেকেও বেশ কিছুদিন ধরে সেভাবে ২০০০ টাকার নোট পাওয়া যাচ্ছে না বলে মত তাদের। সেদিক থেকে তাদেরই কেউ কেউ বলছেন, এই নোট বন্ধের প্রক্রিয়া অনেকদিন আগে থেকেই চলছে। যদিও এই নিয়ে তর্ক বিতর্ক চলবে। তবে এই নোট যে নতুন করে ছাপানো বন্ধ রাখা হয়েছিল, তা হয়তো সবাই জানেন। এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসিয়ালি শুক্রবার জানাল, চলতি বছরের ৩০ শে সেপ্টেম্বরের পর থেকে ২০০০ টাকার নোটের আর কোনও আইনি বৈধতা থাকবে না। বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে ২ হাজার টাকার নোট। আরবিআইয়ের এই ঘোষণার জেরে অনেকের মধ্যেই উদ্বেগ ছড়িয়েছে। তবে যাদের কাছে এই নোট রয়েছে, তারা কী করবেন? সেই বিষয়ে কী জানাল ব্যাঙ্কিং রেগুলেটর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া?
৭ বছর আগে বাজারে এসেছিল ২ হাজার টাকার নোট। এবার তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে আপনার কাছে ২ হাজার টাকার নোট থাকলে কী করবেন? আরবিআই এই নিয়ে জানিয়েছে যে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২ হাজারের নোট ব্যাঙ্কে জমা দিতে হবে। এই খবর তো অনেকেরই জানা। কিন্তু কবে থেকে ব্যাঙ্ক জমা নেবে টাকা? এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ২৩ মে থেকে ব্যাঙ্কে গিয়ে জমা করা যাবে এই নোট। এছাড়াও আরবিআইয়ের আঞ্চলিক দফতরে জমা করা যাবে ২ হাজার টাকার নোট।
সাতবছর আগে নোটবন্দির সময় হুলস্থূল পড়ে গিয়েছিল। একদিকে আমজনতার দুশ্চিন্তা এবং অন্যদিকে ব্যাঙ্কগুলির ওপর আচমকা চাপ– সব মিলিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময়। এবার সেরকম কিছু পরিস্থিতি তৈরি হবে না বলেই মনে করা হচ্ছে। ব্যাঙ্কগুলির দৈনন্দিন কাজ থাকে। তাতে যাতে ব্যাঘাত না ঘটে বা বিশৃঙ্খলা তৈরি না হয়, সেই কারণে এক দিনে ২ হাজারের নোটে সর্বোচ্চ ২০ হাজার টাকা জমা দিতে পারবেন গ্রাহকরা। সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে এই লেনদেন। আর একটি বিষয় উল্লেখ করা হয়েছে আরবিআই-এর নির্দেশিকায়। সেখানে বলা হয়েছে, এই নোট জমা দেওয়ার সময় কেওয়াইসি এবং প্রয়োজনীয় তথ্য ব্যাঙ্ককে জানাতে হবে গ্রাহকদের।
