গত বিধানসভাতেই প্রথম, রাজবংশী-প্রধান ধূপগুড়িতে জয় পেয়েছিল গেরুয়া শিবির। তৃণমূল প্রার্থী মিতালি রায়কে পরাজিত করেছিলেন বিজেপির প্রার্থী। সেবার গেরুয়া শিবিরের হয়ে দাঁড়িয়েছিলেন বিষ্ণুপদ রায়। কিন্তু গত মাসেই তার মৃত্যু হয়। সেই কারণে ধূপগুড়ির ওই কেন্দ্রে উপনির্বাচন হবে শিগগিরই। আর সেখানে তৃণমূল এবং বাম কংগ্রেস জোটের প্রার্থীর নামে আগে ঘোষণা করা হলেও গেরুয়া শিবিরের তরফে আগে নাম ঘোষণা করা হয়নি কারও। অবশেষে বিজেপি প্রার্থীরও নাম এল সামনে। আর সেই প্রার্থী ঘোষণাতেই চমক দিল তারা। মঙ্গলবার বিজেপির তরফে জানানো হয়েছে, ধূপগুড়ির উপনির্বাচনে তাদের হয়ে প্রার্থী হচ্ছেন তাপসী রায়। পুলওয়ামার ঘটনায় শহিদ হওয়া সিআরপিএফ-কর্মী জগন্নাথ রায়কেই টিকিট দিল বঙ্গ বিজেপি।
এমনিতেই ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে এতদিন পর্যন্ত বড়সড় কামড় বসাতে পারেনি বিজেপি। তবে গত বিধানসভা নির্বাচনে ভাল ফল করে তারা। বিষ্ণুপদ রায় দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে। আর প্রথমবার বিজেপির টিকিটে জেতার মতো বড় সাফল্য পেয়েছিলেন তিনি। সেখানে তৃণমূল প্রার্থী মিতালি রায়কে হারিয়েছিলেন বিষ্ণুপদ। কিন্তু ভোটে জিতলেও জীবনযুদ্ধে থেমে যেতে হয়েছে তাকে। দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে সম্প্রতি। বিধানসভার অধিবেশনে যোগ দিতে কলকাতায় এসেই অসুস্থতায় পড়েন বিষ্ণুপদ। সংবাদসূত্রে দাবি করা হয়েছে, তার হৃদ্রোগের সমস্যা ছিল। ওই ঘটনায় তড়িঘড়ি তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। দু’দিন চিকিৎসাও চলে। তবে ২৫ জুলাই ঘটে অঘটন। মৃত্যু হয় বিষ্ণুপদের। সেই থেকে খালি ধূপগুড়ি আসনটি। এবার ধূপগুড়ির উপনির্বাচনে প্রার্থী মনোনীত করল কেন্দ্রীয় বিজেপি। আর প্রার্থীর নাম শুনে রীতিমতো অবাক হয়েছেন রাজ্যবাসীর অনেকেই। ২০১৯-এর ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আধাসেনার কনভয়ে জঙ্গিহানায় শহিদ হয়েছিলেন সিআরপিএফ-কর্মী জগন্নাথ রায়। তাঁরই স্ত্রী তাপসী রায়কে এবার টিকিট দিল গেরুয়া শিবির। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ এই ঘোষণাকে বিজেপির মাস্টারস্ট্রোক বলেই মনে করছে। তবে বিজেপির তরফে জানানো হয়েছে, দেশের জন্য জানকবুল লড়াই করা শহিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপনের জন্যই তাঁর স্ত্রী তাপসীকে ভোটে দাঁড় করানো হচ্ছে।
ধূপগুড়ি উপনির্বাচনে বিজেপির প্রার্থী তাপসী রায়ের বিরুদ্ধে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন ইতিহাসের অধ্যাপক নির্মলচন্দ্র রায়। অন্যদিকে বাম-কংগ্রেসের জোটের সমর্থনে সিপিএমের হয়ে প্রার্থী ঘোষণার কাজ আগেই সম্পন্ন হয়েছে। এই কেন্দ্রে সিপিএমের হয়ে প্রার্থী হচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষক, ভাওয়াইয়া সঙ্গীতশিল্পী ঈশ্বরচন্দ্র রায়। তৃণমূল ও সিপিএমের প্রার্থী নিয়ে তাদের দলীয় কর্মী সমর্থকরা আশাবাদী হলেও একদিকে গত নির্বাচনে বিজেপির জয়, তার ওপর শহিদের স্ত্রীকে প্রার্থী করা– এই দুই শক্তির জেরে অনেকটাই এগিয়ে থাকবেন তাপসী রায়— এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। পরের মাস অর্থাৎ সেপ্টেম্বরের ৫ তারিখ উপনির্বাচন হবে ধূপগুড়িতে। শেষ হাসি কারা হাসে, তার জন্য অপেক্ষা করতে হবে ৮ সেপ্টেম্বর অর্থাৎ উপনির্বাচনের ফলাফল ঘোষণার দিন পর্যন্ত।
