গোটা দেশে গেরুয়া শিবিরের প্রায় ১০ লক্ষ বুথের কর্মী ও নেতাদের সঙ্গে কথা বলবেন নরেন্দ্র মোদি? কেন জরুরি বৈঠকের সিদ্ধান্ত কেন্দ্র বিজেপির? বাংলার পঞ্চায়েত নির্বাচনে কি নয়া কোনও স্ট্র্যাটেজি নিয়ে প্রস্তুত হচ্ছে গেরুয়া শিবির? ভার্চুয়াল মাধ্যমে বুথকর্মীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। আর তা নিয়েই নানা প্রশ্ন উঠছে। কেন জরুরি ভিত্তিতে কথা বলতে চাইছেন নমো? কী পরিকল্পনা রয়েছে গেরুয়া নেতৃত্বের?
এবার শিক্ষক মোদি, আর পড়ুয়া বিজেপি বুথকর্মী তথা নেতারা। বিদেশসফর থেকে সবে দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন মুলুকে মোদিকে নিয়ে মানুষের উচ্ছ্বাসের মুহূর্তও প্রকাশ্যে এসেছে। যে দেশেই যান, যেন চোখে পড়ে মোদি-ম্যাজিক। ভারতের প্রধামন্ত্রীকে নিয়ে গোটা বিশ্বে যে আলোচনা চলে, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। সাম্প্রতিক বিদেশ সফরেও সেই ধারা বজায় রেখেছেন নমো। তবে দেশে ফিরে এবার শিক্ষকতার মেজাজে দেখা যাবে তাকে। খোদ দলের বুথকর্মীদের নিয়েই বিশেষ কর্মসূচির আয়োজন করেছে গেরুয়া নেতৃত্ব। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘মেরা বুথ, সবসে মজবুত’। বিজেপির তরফে জানানো হয়েছে, এই কর্মসূচিতে দেশজুড়ে ১০ লক্ষ বুথের ৩ হাজারেরও বেশি কর্মীদের সঙ্গে ভার্চুয়াল মাধ্য়মে কথা বলবেন নরেন্দ্র মোদী। সেখানে হাজির থাকবেন বাংলার গেরুয়া শিবিরও।
ভারতীয় জনতা পার্টির সূত্রে জানা গেছে যে, চলতি মাসেই রাজ্য সফরে নামছেন প্রধানমন্ত্রী। ২৭ জুন তিনি যাবেন মধ্যপ্রদেশে। এদিনই ভোপালে রোড শো করবেন তিনি। এবছরেই মধ্যপ্রদেশে বিধানসভা ভোট রয়েছে। সেই নির্বাচনকে সামনে রেখেই নরেন্দ্র মোদির এই সফর বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এমনকী, ২৭ শে জুনের ওই রোড শোয়ের মাধ্যমেই সেই রাজ্যে নির্বাচনী প্রচারও শুরু করতে পারেন মোদি, এমনটাই মনে করা হচ্ছে। তবে শুধু রোড শো-ই নয়, বিদেশ থেকে ফিরে একগুচ্ছ কর্মসূচি নিয়েছেন তিনি। আয়ুষ্মান ভারত প্রকল্পের উপভোক্তাদের মধ্য়ে কার্ড বিতরণ ছাড়াও শাহদোলে বীরাঙ্গনা দুর্গাবতী যাত্রার সমাপ্তি অনুষ্ঠানেও দেখা যাবে ভারতের প্রধানমন্ত্রীকে।
বিদেশ সফররের পর মধ্যপ্রদেশই হতে চলেছে প্রধানমন্ত্রীর প্রথম রাজ্য সফর। মধ্যপ্রদেশের গেরুয়া শিবিরের তরফে জানা গেছে, কর্মীদের সঙ্গে কথা বলবেন নমো। দেশজুড়ে ১০ লক্ষ বুথের ৩ হাজারেরও বেশি কর্মী রয়েছে। তাদের সঙ্গে ভার্চুয়াল মাধ্য়মে কথা বলবেন তিনি। “মেরা বুথ, সবসে মজবুত” নামক এই কর্মসূচিতে রাজ্যের বিজেপি কর্মীদের সংগঠনের বিষয়ে বিশেষ পাঠ দেবেন মোদি। এছাড়াও রাজ্যের সংগঠন নিয়ে কী কী পরিকল্পনা নেওয়া যায়, তা আলোচনার মাধ্যমে ঠিক করবেন বলেও জানা গেছে। সামনে লোকসভা নির্বাচন। ২০২৪ এর এই নির্বাচন ছাড়াও বিভিন্ন রাজ্যে রয়েছে ভোট। তার আগে কর্মীদের নিয়ে ওয়ার্ম আপ করে তাদের উচ্ছ্বসিত করার লক্ষ্যেই এই কর্মসূচি নিয়ে ময়দানে নামছেন নরেন্দ্র মোদি। সাংগঠনিক অবস্থা জানার প্রাশপাশি নির্বাচনী প্রচার নিয়েও নানা আলোচনা করবেন তিনি। মধ্যপ্রদেশে তার সঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও দেখা যাবে বলে জানা গেছে।
