কেন্দ্রীয় এজেন্সির প্রথম তলবে হাজির হয়েছিলেন যুব তৃণমূলের সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ। সেদিন টাকা প্রায় সাড়ে ১১ ঘণ্টার জেরার পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে অভিনেত্রী বলেছিলেন, তদন্তে পূর্ণ সহযোগিতার কথা। এমনকী, তদন্তের স্বার্থে যদি আরও বেশি সময় ধরেও জেরা করা হয়, তার জন্য তিনি প্রস্তুত আছেন বলেও সাংবাদিকদের জানিয়েছিলেন। দ্বিতীয় তলব যে আজ অর্থাৎ বুধবার ছিল, তা আগেই জানা গিয়েছিল। অথচ এদিন সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন না যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ!
গত সপ্তাহে ইডি-র তলবের পর দলের নির্বাচনী প্রচারেও সেভাবে দেখা যায়নি। তবে দ্বিতীয় দফার ডাকে অর্থাৎ বুধবার সায়নীকে দেখা গেল বর্ধমানের গলসিতে নির্বাচনী প্রচারে। তাহলে কি সিজিও কমপ্লক্সে যাচ্ছেন না তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ? এদিন দুপুরে পূর্ব বর্ধমানে তৃণমূলের ভোটপ্রচারে দেখা গেছে তাকে। সংবাদ সূত্রে জানা গেছে, ভোটের কাজে ব্যস্ত থাকার জন্যই তিনি বুধবার ইডি দফতরে যেতে পারেননি। তবে সে কথা সায়নী কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে জানিয়েছেন বলে জানা গেছে। সংবাদমাধ্যমে প্রকাশ, বুধবার সিজিও কমপ্লেক্সে না যেতে পারার কথা একদিন আগেই ইডিকে জানিয়েছেন সায়নী। সংবাদ সূত্রে জানা গেছে মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ মেল করেছিলেন বলে জানা গেছে। যদিও আর একটি সূত্র বলছে, সায়নী এখন ভোটের কাজে ব্যস্ত থাকায় ভোট মিটলে তিনি ইডি দফতরে যাবেন। কারণ জানিয়ে সায়নী নাকি চিঠিও দিয়েছেন ইডিকে। যদিও সকাল ১১টা পর্যন্ত এমন কোনও চিঠি পায়নি বলে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
তবে সায়নীকে দেখা না গেলেও বুধবার সকাল সাড়ে ১১ টা নাগাদ সায়নীর আইনজীবী পরিচয় দিয়ে তিনটি ফাইল নিয়ে এক ব্যক্তি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতর সিজিও কমপ্লেক্সে পৌঁছেছিলেন। যুব তৃণমূল নেত্রীর আইনজীবী কি না, তা জানতে চাওয়া হলে তিনি সম্মতিপ্রকাশ করলেও তার মক্কেল হাজিরা দেবেন কি না, সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন ওই ব্যক্তি।
মঙ্গল্বার নির্বাচনী প্রচারে যাওয়ার কথা ছিল সায়নী ঘোষের। কিন্তু মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে দলীয় প্রচারেও যাননি তিনি। এদিকে একদিন বাদেই ছিল ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। এদিন দুপুরে পূর্ব বর্ধমানের গলসিতে প্রচারে দেখা গেছে যুব তৃণমূল নেত্রীকে। গতকাল থেকে একের পর এক ঘটনা ফের সায়নীকে নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি করেছে।
এর আগে প্রথম দফায় শুক্রবার সিজিও কমপ্লেক্সে ইডির তলবে গিয়েছিলেন সায়নী। যদিও সেদিন ইডি দফতরে পৌঁছানোর আগে পর্যন্তও ধন্দ তৈরি হয়েছিল। কারণ প্রায় দুদিন ধরে সেই সময় কোনও খোঁজ পাওয়া যায়নি তার। বাড়িতে যোগাযোগ করা হলেও কোনও সদুত্তর মেলেনি। তবে শুক্রবার জেরার পরে আত্মবিশ্বাসে সঙ্গে তিনি বলেছিলেন, আগামিদিনে তদন্তকারী সংস্থা আবার তাঁকে তলব করলে তিনি অবশ্যই আসবেন। শুধু তাই নয়, তদন্তের প্রয়োজনে ১১ কেন, ২৪ ঘণ্টাও তিনি ইডি দফতরে থাকতে রাজি বলে জানিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু দ্বিতীয় দফার তলবেই অনুপস্থিতিত? প্রশ্ন তুলছেন আমজনতার একাংশ।
গত শুক্রবার সায়নীকে তাঁর সম্পত্তি এবং লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে জানা গেছে। ব্যাঙ্কের নথি, আয়কর রিটার্ন, সম্পত্তির নথি লেনদেনের তথ্য নিয়ে গিয়েছিলেন তিনি। তবে আরও খুঁটিনাটি নথি চেয়ে বুধবার তলব করেছিল ইডি। সেদিনই ইডির দফতরের বদলে যুবনেত্রীকে দেখা গেল গলসির দলীয় প্রচারে।
