Friday, April 17, 2026
Homeখবরমিলবে না অনুদান? জাতীয় স্বীকৃতি হারিয়ে বড় ক্ষতির মুখে তৃণমূল?

মিলবে না অনুদান? জাতীয় স্বীকৃতি হারিয়ে বড় ক্ষতির মুখে তৃণমূল?

জাতীয় স্বীকৃতি হারিয়ে বড় ক্ষতির মুখে তৃণমূল? কমিশনের এই সিদ্ধান্তে আর কী কী ক্ষতি হবে মমতা-ব্রিগেডের?
জানলে হা হয়ে যাবেন

জাতীয় দলের মর্যাদা হারানো নিয়েই জোর আলোচনা এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে। কিন্তু জাতীয় স্বীকৃতি হারানোর জেরে আদৌ কি কোনও সমস্যার মুখে ঘাসফুল শিবির? নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে কী কী সুবিধা পায় জাতীয় দলগুলি? এই নিয়ে মতানৈক্য ইতিমধ্যেই দেখা দিয়েছে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা যা বলছেন, তাতে তৃণমূলের শিয়রে সিঁদুরে মেঘ। পঞ্চায়েত নির্বাচনের আগে সমস্যায় পড়তে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

জাতীয় স্বীকৃতি হারানোর বিষয়ে তৃণমূলকে নিয়ে জোর চর্চা সোমবার থেকেই শুরু হয়েছে নেটপাড়ায়। বিরোধীরা বিভিন্নভাবে কটাক্ষ করছে রাজ্যের শাসকদলকে। তবে প্রাথমিকভাবে এই বিষয়ে কোনও মন্তব্য করতে শোনা যায়নি দলের মুখপাত্র কুণাল ঘোষকে। বরং তিনি জানিয়েছিলেন যে, দল পুরো বিষয়টি খতিয়ে দেখছে। তবে জাতীয় দলের স্বীকৃতি হারিয়ে আইনি পথেই হাঁটছে তৃণমূল শিবির, এমনটাই সংবাদসূত্রে জানা গেছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সরাসরি আদালতে চ্যালেঞ্জ জানানোর কথাও ভাবছে তারা।

২০১৬ সালের শেষের দিকে জাতীয় দলের মর্যাদা পেয়েছিল তৃণমূল দল। তবে একাধিক রাজ্যে শোচনীয় ফলের জেরেই সেই মর্যাদা প্রত্যাহার করল নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশন তালিকাও প্রকাশ করেছে এই নিয়ে। এখন থেকে আঞ্চলিক দল হিসেবেই ধরা হবে তৃণমূলকে। কিন্তু যে বিষয়টি নিয়ে বেশি আলোচনা চলছে এই মুহূর্তে, তা হল জাতীয় স্বীকৃতি হারিয়ে কোন ক্ষতির মুখে বাংলার শাসকদল?

সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর তার আগে বাংলার শাসকদলের জাতীয় স্বীকৃতি হারানোর জেরে এমনিতেই রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বড়সড় ক্ষতির আশঙ্কা করছেন। এদিকে সংবাদসূত্রে ইতিমধ্যেই দাবি করা হয়েছে যে, EVM থেকে আর্থিক অনুদান, নানা দিক থেকেই ক্ষতির মুখে পড়তে হতে পারে তৃণমূলকে।

জাতীয় মর্যাদা হারিয়ে বেশ কিছু সুযোগ-সুবিধা ছাঁটাই হতে পারে তৃণমূলের। কোনও জাতীয় দলের চিহ্নকে দেশের অন্য কোনও রাজ্যে অন্য কোনও দল ব্যবহার করতে পারবে না এবার থেকে। এছাড়াও নির্বাচনের সময় প্রচারের ক্ষেত্রেও থাকবে বেশ কিছু নিষেধাজ্ঞা। কোন, কোন ক্ষতির মুখে পড়তে হতে পারে তৃণমূলকে, সেই বিষয়েই জেনে নেওয়া যাক!

প্রথমত, ইভিএম অথবা ব্যালট পেপারে জাতীয় দলের তালিকায় এখন থেকে আর প্রথম দিকে দেখা যাবে না বাংলার শাসকদলের প্রতীক চিহ্ন।
দ্বিতীয়ত, ২০১৬ সালে স্বীকৃতি পাওয়ার পর থেকে দলের নামের আগে ‘সর্বভারতীয়’ শব্দটি ব্যবহার করতে পারত তৃণমূল। এখন থেকে তা আর করতে পারবে না তারা।
তৃতীয়ত, জাতীয় দল হিসেবে তৃণমূলকে নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমন্ত্রণ জানাতে বাধ্য থাকবে না নির্বাচন কমিশন।
তবে যে বিষয়টি নিয়ে বেশি করে আশঙ্কা প্রকাশ করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা, তা হল– জাতীয় দলের স্বীকৃতি হারানোয় আর্থিক অনুদানেও বড় ধরনের ফারাক লক্ষ্য করা যেতে পারে। আর তাতে সমস্যার মুখে পড়তে হতে পারে তৃণমূল দলকে। এই সব মিলিয়ে বাংলার শাসকদলের ভবিষ্যৎ নিয়েও প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Comments