ক্ষতিকর জেনেও বর্তমান লাইফস্টাইলে মদ্যপান যেন স্বাভাবিক অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। ছাড়তে চাইলেও ছাড়ান নেই। এই পরিস্থিতিতে অকালেই লিভারের বারোটা বাজে। এই সমস্যায় যদি আপনিও ভোগেন, তাহলে তা থেকে রেহাইয়ের উপায়ও রয়েছে। মাঝেমধ্যে মদ্যপান করলেও লিভার থাকবে সুস্থ। এর জন্য নিয়মিত খেতে হবে কিছু খাবার। কোন কোন খাবার রয়েছে এই তালিকায়?
একদিকে মাঝেমধ্যেই মদ্যপানের বদঅভ্যেস, তার ওপর এই ইঁদুর দৌড়ের জীবনে শরীরচর্চারও অবকাশ নেই। ফলে খুব কম বয়সেই নানা রোগ বাঁধতে শুরু করে। যতদিনে সেই সমস্যা নজরে আসে, ততদিনে অনেক দেরি হয়ে যায়। এই অবস্থায় মাঝেমধ্যে মদ্যপান করার অভ্যেস ছাড়তে না পারলে তেল-মশলাদার খাবার, মুঠো মুঠো পেন কিলার খাওয়ার অভ্যেস, ধূমপান এড়িয়ে চলা উচিত। এর পাশাপাশি প্রতিদিন প্রচুর পরিমাণ জল খাওয়া উচিত। এই উপায়গুলির কথা তো অনেকে বলেন। কিন্তু জানেন কি, এমন কিছু খাবার আমাদের হাতের নাগালেই রয়েছে, যা লিভার সুস্থ রাখতে অব্যর্থ বলে ধরা হয়। এই তালিকায় প্রথমেই বলা ভাল হলুদের কথা। লিভার পরিষ্কার রাখতে হলুদের জুড়ি মেলা ভার। রান্নায় হলুদ তো এমনিতেই ব্যবহার হয়, এর সঙ্গে কাঁচা হলুদ, দুধ-হলুদ খাওয়ার অভ্যেস লিভারের পক্ষে ভাল।
মদ্যপায়ীদের লিভারের জন্য খুবই কাজ দেয় রসুন। দুই থেকে তিনটি রসুন দিয়ে রান্না করা খাবার খাওয়ার পাশাপাশি সকালে খালি পেটে যদি কাঁচা রসুন খাওয়া যায়, তাহলে লিভার নিয়ে দুশ্চিন্তা থাকবে না বললেই চলে। পাতিলেবু যদি প্রতি দিন সকালে এক গ্লাস গরম জলে খাওয়া যায়, তাহলে সুস্থ থাকবে লিভার। অস্বাভাবিক ওজন বৃদ্ধি থেকেও মিলবে রেহাই।
হলুদ, রসুন, পাতিলেবুর পাশাপাশি লিভার পরিষ্কার রাখতে ব্রকোলি ভীষণ উপকারী। এক্ষেত্রে স্যালাড হিসাবে বা সব্জিতে দিয়ে যদি ব্রকোলি খাওয়া যায়, তাহলে সুফল মেলে। লিভার ঠিক রাখতে নিত্যদিন খাবারের তালিকায় রাখতে পারেন আঙুর। লিভারকে টক্সিনমুক্ত রাখার পাশাপাশি এই ফলে থাকা ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে। ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
হাল আমলে গ্রিন টি পান করার প্রবণতা মানুষের মধ্যে অনেক বেড়েছে। লিভারের ক্ষেত্রে গ্রিন টি খুবই কাজের। চা খাওয়ার অভ্যেস যদি আপনার থাকে, তাহলে নিশ্চিন্তে খেতে পারেন গ্রিন টি। লিভারও থাকবে সুস্থ, আর অস্বাভাবিক স্থূলতার সমস্যা থেকেই মুক্তি পাওয়া যায় এই অভ্যেসে। ফলের মধ্যে আপেলও লিভার সুস্থ রাখতে সাহায্য করে। তাই আঙুরের পাশাপাশি প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন আপেল। শুধু লিভার নয়, শরীরও থাকবে চনমনে।
