Saturday, April 18, 2026
Homeখবরদেরিতে হলেও অবশেষে বর্ষার আগমন। বঙ্গে ফের বৃষ্টি। আজ কোন কোন জেলায়...

দেরিতে হলেও অবশেষে বর্ষার আগমন। বঙ্গে ফের বৃষ্টি। আজ কোন কোন জেলায় ঝড়বৃষ্টির সম্ভবনা ? দেখে নিন এক নজরে

লু পরিস্থিতির মাঝেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দেখা মিলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। গরম থেকে কিছুটা হলেও স্বস্তির খবর। কিন্তু তাপপ্রবাহ যে হারে বেড়েছে, তাতে কয়েক ঘণ্টার বৃষ্টি যথেষ্ট নয় বলে মনে করছেন রাজ্যবাসী। তারা অধীর আগ্রহে বর্ষাকে স্বাগত জানাতে অপেক্ষা করে বসে আছে। এবার কি তবে দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে? প্রাক-বর্ষার মরসুম কি তাহলে শুরু হল? নাকি বিক্ষিপ্ত বৃষ্টিতেই আপাতত সন্তুষ্ট থাকতে হবে? সেক্ষেত্রে কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে? কী বলছে আবহাওয়া দফতর?

জৈষ্ঠ্য মাস শেষ তবুও গরমের ইনিংস শেষ হচ্ছে না। একদিকে ঊর্ধ্বমুখী গরম এবং অন্যদিকে আপেক্ষিক আর্দ্রতা– এই দুইয়ের জেরে অস্বস্তিকর পরিস্থিতি চলছে গত কিছুদিন ধরে। এরই মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। এর আগে রবিবারও আলিপুর আবহাওয়া দফতরের তরফে দেওয়া পূর্বাভাসে ঝড়বৃষ্টির কথা বলা হয়ছিল। সেই অনুযায়ী বৃষ্টির মুখও দেখেছে বেশ কিছু জায়গা। এবার সোমবারের জন্যও দেওয়া হয়েছে বৃষ্টির পূর্বাভাস। আগামী ২-৩ ঘণ্টা ধরে হতে পারে বৃষ্টি, সকাল সকাল এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যার জেরে আজ দুপুর পর্যন্ত বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে বলে মত হাওয়া অফিসের।

রবিবার বৃষ্টির দেখা মিলেছে কলকাতা, উত্তর ২৪ পরগণা, হাওড়ায়। হাওড়া জেলায় গভীর রাতের দিকে বৃষ্টি হলেও কলকাতা ও উত্তর ২৪ পরগণার বিভিন্ন জায়গায় আগেই দেখা মিলেছিল বৃষ্টির। যদিও শহর কলকাতায় বেশিক্ষণ স্থায়ী ছিল না বৃষ্টির পরিস্থতি। তবে হাওড়া জেলায় রাত ২ টো নাগাদ একসঙ্গে ঝড় ও বৃষ্টির দেখা মিলেছে। কিন্তু আজ কোথায় কোথায় হতে পারে বৃষ্টি?

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবারও বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে তারা। হাওয়ার বেগ আর একটু বেশি দেখা যেতে পারে উত্তর ২৪ পরগনা জেলায়। সেখানে ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত বেগে দমকা হাওয়া বইতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে বর্ষা নিয়েও স্বস্তির বার্তা দিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই রাজ্যে বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলে জানা গেছে। প্রাক-বর্ষার মরসুমে তাপপ্রবাহ যে একেবারে ছুটি নেবে, তেমন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জন্য। তবে সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে। সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার বেশ কিছু এলাকায়।

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হলেও দক্ষিণবঙ্গে কবে বর্ষা আসবে? সেই প্রশ্নের এখনও কোনও সুস্পষ্ট জবাব মেলেনি আবহাওয়া দফতরের তরফে। তবে সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে মঙ্গলবারও। তবে তা নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এদিকে মঙ্গলবার গরমের পরিস্থিতি তৈরি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Comments