পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যেগুলোর সম্পর্কে আমরা আজ ও অজ্ঞাত। এমন অনেক জিনিসই রয়েছে যেগুলোকে আমরা বজ্য ভাবি অনেক সময় সেগুলোকে দিয়েও তৈরী হয়ে যায় অত্যাশ্চর্য জিনিস।
ধরুন, এই যে আপনি প্রতিদিন পারফিউম বা সুগন্ধি ব্যবহার করেন তার মধ্যে কি কি উপাদান থাকে বা তা কি দিয়ে বানানো হয় আপনি জানেন? শুনলে অবাক হবেন। এইসব সুগন্ধির মধ্যে থাকে তিমির বমি। কি ভাবছেন এ আবার হয় নাকি?
হ্যাঁ, ‘স্পার্ম হোয়েল’ নামে একধরনের তিমির বমি দিয়ে এই সুগন্ধি তৈরি হয়। এর ফলে এর চাহিদাও প্রচুর। আর এবার তিমির বমির পাচারচক্রের হদিস পাওয়া গেল। তামিলনাড়ুতে মিলল এর হদিশ।
১৮ মে রাজস্ব দফতরের আধিকারিকরা গোপন সূত্রে খবর পান তামিলাড়ুর উপকূল থেকে তিমির বমি পাচার হচ্ছে। সেই খবর পেয়ে শনিবার তুতিকোরিন উপকূলে হানা দেন ওই আধিকারিকরা।
গাড়িতে করে পাচার করা হচ্ছিল সেই বমি। তদন্তকারীরা গাড়িটিকে আটক করে তল্লাশি চালিয়ে গাড়ির সামনের আসনের নীচ থেকে ১৮ কেজি ১০০ গ্রাম বমি উদ্ধার করেন। যার বর্তমান বাজারদর প্রায় ৩১ কোটি ৬৭ লক্ষ টাকা।
এই ঘটনার সাথে জড়িত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তিমির বমিকে ‘অ্যাম্বারগ্রিস’ বলা হয়ে থাকে। ‘স্পার্ম হোয়েল’-এর বমির দাম আন্তর্জাতিক বাজারে বিপুল। তেমনই চাহিদাও প্রচুর।
১৯৭২ সালের বন্যপ্রাণ সুরক্ষা আইন অনুযায়ী সংরক্ষিত প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রজাতির তিমিকে। জেরার মুখে ধৃতেরা জানিয়েছেন, তুতিকোরিন উপকূল থেকে প্রায়ই তিমির বমি পাচার হয়।
কিন্তু কোথায় পাচার হয় সে বিষয়ে মুখ খোলেননি তাঁরা। তবে তদন্তকারীরা জানার চেষ্টা চালাচ্ছেন, এই বমি কোথায় কোথায় পাচার করা হচ্ছিল। শুধু তাই নয়, এই পাচারচক্র কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে ও এর সঙ্গে কারা জড়িত তাও জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
রাজস্ব দফতরের আধিকারিকরা জানিয়েছেন, এই ধরনের পাচার রুখতে উপকূলীয় এলাকায় নজরদারি বাড়ানো হবে। গত দুবছরে ৪০ কেজি বমি উদ্ধার করেছে রাজস্ব দফতর। যার আন্তর্জাতিক বাজারদর ৫৪ কোটি টাকা।
