Saturday, April 18, 2026
Homeখবরমার্কিন মুলুকে নয়া চমক। আমেরিকার রেস্তোরাঁয় চালু স্পেশাল ডিশ ‘মোদীজি থালি’! কিন্তু...

মার্কিন মুলুকে নয়া চমক। আমেরিকার রেস্তোরাঁয় চালু স্পেশাল ডিশ ‘মোদীজি থালি’! কিন্তু কেন হঠাৎ ‘মোদীজি থালি’ নাম দিতে গেল মার্কিন রেস্তোরাঁটি? কী কী থাকছে ‘মোদীজি থালি’-র মেনুতে?

অল্পদিন আগেই জাপানে আয়োজিত কোয়াড বৈঠকে ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার প্রসঙ্গ তুলে ধরে তাঁর অটোগ্রাফ চেয়ে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজও মোদীর জনপ্রিয়তা নিয়ে চর্চা করেন। সাম্প্রতিক একটি সমীক্ষায় দাবি করা হয়েছে, তাবড় রাষ্ট্রনায়কদের মধ্যে ভারতের গুজরাতি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী সবচেয়ে জনপ্রিয়। সংবাদসংস্থার সাম্প্রতিক খবরে জানা যাচ্ছে, মোদীর সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতে একটি মার্কিন রেস্টুরেন্ট এক স্পেশাল ডিশ নিয়ে এসেছে সেখানকার ভারতীয় খাদ্যরসিকদের জন্য। তারা সেই বিশেষ ডিশের নাম দিয়েছে ‘মোদীজি থালি’।

কেন হঠাৎ ‘মোদীজি থালি’ নাম দিতে গেল মার্কিন রেস্তোরাঁটি? আমেরিকার নিউ জার্সি শহরের এই রেস্তোরাঁটির মালিক ও শেফ শ্রীপদ কুলকার্নি। তাঁরই ভাবনা এই ‘মোদীজি থালি’। আমেরিকা প্রবাসী ভারতীয়দের কাছে মোদীর জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এই থালি প্রস্তুত করা হয়েছে বলে দাবি। ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন সফরের আগে এই ‘মোদীজি থালি’-র হাত ধরে লাভের আশাও করছেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ। শ্রীপদ কুলকার্নি জানিয়েছেন, আমেরিকায় প্রবাসী ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূতদের চাহিদা এবং রসনাতৃপ্তির কথা মাথায় রেখে এই বিশেষ থালি সাজানো হয়েছে। মোদীর আমেরিকা সফরের সম্মানে বিশেষ অফারও থাকছে ওই রেস্তোরাঁয়। নানা রকম ভারতীয় পদ রয়েছে ‘মোদীজি থালি’-তে।

কী কী থাকছে ‘মোদীজি থালি’-র মেনুতে? দেখে নেওয়া যাক। ভারতের বিভিন্ন রাজ্যের জনপ্রিয় খাবারের পদ একটি থালিতে ধরার চেষ্টা হয়েছে। অনেক ভেবেচিন্তে মেনু ঠিক করেছেন শেফ শ্রীপদ। ‘মোদীজি থালি’-তে থাকছে খিচুড়ি, পাঁপড়, কাশ্মীরি আলুর দম, ‘সরসোঁ কা সাগ’, ইডলি, ধোকলা, ঘোল এবং রসগোল্লা ইত্যাদি। অন্যদিকে, ভারতেরই সুপারিশে ২০২৩ সালকে ‘আন্তর্জাতিক মিলেট বর্ষ’ হিসাবে ঘোষণা করেছে রাষ্ট্রপুঞ্জ। জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি কয়েকটি ক্ষুদ্র দানাশস্যকে একত্রে মিলেট বলে। এই ফসলগুলি পৃথিবীর মধ্যে ভারতেই সবচেয়ে বেশি উৎপন্ন হয়। ‘মোদীজি থালি’-তে মিলেট দিয়ে তৈরি একাধিক পদও থাকছে। যার ফলে এই শস্যগুলির প্রচারও হচ্ছে। সবমিলিয়ে ‘মোদীজি থালি’-র জনপ্রিয়তার বিষয়ে আশাবাদী কুলকার্নি। এর পর তিনি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের নামেও একটি বিশেষ থালি আনতে চাইছেন।

চলতি মাসেই আমেরিকা উড়ে যাওয়ার কথা মোদীর। আগামী ২১ জুন, নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ কমপ্লেক্সের উত্তর লনে বেশ কয়েকজন বিশিষ্ট প্রবাসী ভারতীয়ের উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন মোদী। ২২ জুন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে নৈশভোজে যোগ দেওয়ার কথা তাঁর। মার্কিন কংগ্রেসের একটি যৌথ সভাতেও উপস্থিত থাকবেন মোদী। এবং তিনিই হবেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি আমেরিকার কংগ্রেসের বৈঠকে দ্বিতীয়বার ভাষণ দিতে চলেছেন। এদিন হোয়াইট হাউসের দক্ষিণ লনে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের উপস্থিতিতে ২১টি বন্দুকের স্যালুটের মাধ্যমে মোদীকে সম্মান জানানো হবে। একইদিনে ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টারে শীর্ষস্থানীয় মার্কিন সংস্থাগুলির কর্তা ও প্রতিনিধিদের সামনে এবং সন্ধ্যায় রোনাল্ড রেগান সেন্টারে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেবেন মোদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Comments