Friday, April 17, 2026
HomeUncategorizedকর্নাটকে একাই একশো কংগ্রেস। একক সংখ্যাগরিষ্ঠ ভাবে জিতল তারা। প্রমাণ করল 'এভাবেও...

কর্নাটকে একাই একশো কংগ্রেস। একক সংখ্যাগরিষ্ঠ ভাবে জিতল তারা। প্রমাণ করল ‘এভাবেও ফিরে আসা যায়’। হার স্বীকার করল বিজেপি।

খেলা ঘুরে গেল কর্নাটকে। ২৪ এর আগেই বাজিমাত করল কংগ্রেস। কর্নাটকের নির্বাচন নিয়ে কানাঘুষো নানা জল্পনা শোনা যাচ্ছিল এই রাজ্যেও। নির্বাচনী সমীক্ষায় এগিয়ে ছিল কংগ্রেসই। তবে বঙ্গ বিজেপি কর্মী সমর্থকদের মধ্যেও চাপা উত্তেজনা দেখা যাচ্ছিল। কর্নাটকে গেরুয়া ঝড়ের আশা করেছিলেন তারা। কিন্তু শেষ হাসি হাসল হাত-শিবিরই।

বঙ্গের নির্বাচনের মতো কর্নাটকেও ভোটের আগে গেরুয়া শিবিরের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। এমনকী, ভোট গণনার সময়ও এই রাজ্যের বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে সেই উচ্ছ্বাস ধরা পড়েছিল। কিন্তু শেষমেশ? ভোটের রেজাল্টে বাজিমাত করল কংগ্রেস। আর শুধু জয়লাভই নয়, একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে কর্নাটকে নিজেদের জায়গা পাকা করে নিল তারা। বেলা সাড়ে ১২টা নাগাদ রিপোর্টে কর্নাটকে কংগ্রেস এগিয়ে ছিল ১৩০টি আসনে। বিজেপি মাত্র ৬৬ আসনে এগিয়ে রয়েছে। এইচডি কুমারস্বামীর জনতা দল (সেক্যুলার) এগিয়ে রয়েছে ২২টি আসনে। অন্যান্যরা পেয়েছে ৬টি আসন।

শনিবার ভোট গণনার শুরু থেকেই পাল্লা ভারি ছিল কংগ্রেসের। মাঝেমধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছিল বটে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সংখ্যাতত্ত্বের নিরিখে ক্রমে দূরে সরে যেতে থাকে বিজেপি। আর অন্যদিকে উত্থান হতে থাকে কংগ্রেসের। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়তে কর্নাটক বিধানসভায় প্রয়োজন পড়ে ১১৩ টি আসনের। কারণ কর্নাটক বিধানসভার মোট আসনসংখ্যা ২২৪। সকাল ১০ টা নাগাদ নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী গেরুয়া শিবির পিছিয়ে থাকলেও তাদের খুব বেশি অন্তর ছিল না কংগ্রেসের সঙ্গে। তবে বেলা ১২.৩০টায় ম্যাজিক সংখ্যার চেয়েও এগিয়ে থাকতে দেখা গেল কংগ্রেসকে। তবে রিপোর্ট বলছে, ছক্কা হাঁকিয়েছেন কর্নাটকে প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার। কনকপুরে একাই ৭০ শতাংশ ভোট পেয়েছেন তিনি। অন্যদিকে কংগ্রেস ১২০ আসনে এগিয়ে যেতেই বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই হার স্বীকার করে বলেন তাদের চেষ্টার কথা। তবে লোকসভা নির্বাচনে শক্তি বাডিয়ে ফিরে আসবেন বলে আশাবাদী তিনি।

মিশন লোকসভা নির্বাচন। ২০২৪ সালের ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই সব রাজনৈতিক দল তোড়জোর শুরু করছে। সেখানে কর্নাটকের ভোটের ফলাফলের দিকেই তাকিয়ছিল দেশবাসী। কিন্তু ২০২৪ লোকসভা নির্বাচনের আগেই ঠোক্কর খেল বিজেপি। সেদিক থেকে কিছুটা হলেও স্বস্তিতে কংগ্রেস। যদিও ঝাড়া হাত পা হয়ে থাকতে নারাজ কর্নাটকের হাত শিবির। রাজনীতিতে ঘোড়া কেনাবেচার কাহিনি নতুন নয়। তাই বিজয়ীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজও শুরু হয়েছে বলে সংবাদসূত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Comments