কেন্দ্রীয় বাহিনীর ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে দেওয়ার নিয়ম আগেরবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পালন করলেও দ্বিতীয় দফার কেন্দ্রীয় বাহিনীকে ক্যাটাগরির ভিত্তিতে আলাদা আলাদা জেলায় পাঠাল রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের জন্য কেন্দ্রের শেষ দফায় পাঠানো ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কোন জেলায় কতজন করে পাঠানো হবে, তা জানিয়ে বিএসএফ-কে চিঠি দিল নির্বাচন কমিশন। ঠিক করা হল, কোন ক্যাটাগরির ফোর্স কোথায় যাবে, সেই ভাগাভাগিও।
পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর বিষয়টি নিয়ে আকচাআকচি বহুদিন ধরেই চলছিল। পরে অবশ্য বিরোধীদের দাবিকে মান্যতা দিয়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশই দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে তা নিয়েও কম জলঘোলা হয়নি। এর আগে ৩১৫ কোম্পানি বাহিনী পাঠালেও কমিশনের দাবি অনুযায়ী বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে শুরু হয় জল্পনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে চিঠি চালাচালিও হয়। তবে শেষমেশ বাকি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী পাঠাতেও রাজি হয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক। এবার প্রশ্ন হল, বাহিনীর মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ফোর্স রয়েছে। তাদের কীভাবে ভাগ করে নানা জেলায় পাঠানো হবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছিল। এর আগে কেন্দ্রের পাঠানো ৩১৫ কোম্পানি বাহিনী অবশ্য কোন জেলায় কত পাঠানো হবে, তা ঠিক করে দিয়েছিল কমিশন। কিন্তু ক্যাটাগরির ভিত্তিতে ভাগ করেনি তারা। সেটা তাদের কাজ নয় বলেই জানানো হয়েছিল কমিশনের তরফে। পরে ক্যাটাগরির ভিত্তিতে ভাগ করে দেওয়ার দায়িত্ব নিয়েছিল খোদ স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু দ্বিতীয় দফায় পাঠানো ৪৮৫ কোম্পানির কী হবে? জেলায় কত কোম্পানি বাহিনী যাবে এবং কোন ক্যাটাগরির ফোর্স কোন জেলায় পাঠানো হবে, তা ঠিক করল রাজ্য নির্বাচন কমিশন। শেষ দফার ৪৮৫ বাহিনী কোন জেলায় কীভাবে পাঠানো হবে? কোন ক্যাটাগরির কেন্দ্রীয় বাহিনী কোন জেলায় থাকবে? আসুন, জেনে নেওয়া যাক কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশন কী সিদ্ধান্ত নিল!
হাওড়া জেলায় বিএসএফ, আরপিএফ, মহারাষ্ট্র ও গুজরাট পুলিশের বাহিনী মিলিয়ে মোট ৩৭ কোম্পানি মোতায়েন করা হবে। এর মধ্যে ২ কোম্পানি বিএসএফ, ৩০ কোম্পানি আরপিএফ, ৩ কোম্পানি মহারাষ্ট্র ও ২ কোম্পানি গুজরাত পুলিশ থাকবে। হুগলি জেলায় থাকবে মোট ২৮ কোম্পানি বাহিনী। তার মধ্যে ৫ কোম্পানি এসএসবি, ১০ কোম্পানি হায়দরাবাদ, ২ কোম্পানি গুজরাট, ৬ কোম্পানি গোয়া, ১ কোম্পানি মিজোরাম, ২ কোম্পানি তেলেঙ্গানা ও ২ কোম্পানি মহারাষ্ট্র পুলিশ মোতায়েন থাকবে।
আলিপুরদুয়ারে থাকবে ১০ কোম্পানি বিএসএফ। বাঁকুড়া জেলায় থাকবে ৫ কোম্পানি সিআরপিএফ ও ৬ কোম্পানি বিএসএফ। বীরভূম জেলায় থাকবে ২০ কোম্পানি আইটিবিপি। কোচবিহার জেলায় মোট ২৮ কোম্পানির বাহিনীর মধ্যে ১০ কোম্পানি সিআরপিএফ ও ১৮ কোম্পানি বিএসএফ থাকবে। দক্ষিণ দিনাজপুর জেলায় থাকবে ১০ কোম্পানি বিএসএফ। দার্জিলিং জেলায় ২ কোম্পানি চণ্ডীগড় পুলিশ ও ২ কোম্পানি সিআরপিএফ, জলপাইগুড়ি জেলায় ১০ কোম্পানি বিএসএফ, ঝাড়গ্রামে ৫ কোম্পানি সিআরপিএফ মোতায়েন করা হবে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।
অন্যদিকে মালদহ জেলায় থাকবে মোট ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে ৯ কোম্পানি বিএসএফ ও ২১ কোম্পানি সিআরপিএফ থাকবে। মুর্শিদাবাদ জেলায় থাকবে ৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে ৮ কোম্পানি সিআরপিএফ, ৩৫ কোম্পানি সিআইএসএফ ও ২ কোম্পানি গুজরাট পুলিশ রয়েছে। নদিয়া জেলায় ১২ কোম্পানি এসএসবি, ২ কোম্পানি ত্রিপুরা, ৫ কোম্পানি কর্নাটক, ৮ কোম্পানি কেরল, ১ কোম্পানি তেলেঙ্গানা ও ৩ কোম্পানি অরুণাচল পুলিশ মিলিয়ে মোট ৩১ কোম্পানি বাহিনী থাকবে। উত্তর ২৪ পরগণায় থাকবে ৩৫ কোম্পানি বাহিনী। তার মধ্যে ১২ কোম্পানি সিআরপিএফ, ৫ কোম্পানি সিআইএসএফ, ১০ কোম্পানি ছত্তীসগড় ও ৮ কোম্পানি তামিলনাড়ু পুলিশ রয়েছে। পশ্চিম বর্ধমান জেলায় ৫ কোম্পানি অসম ও ৫ কোম্পানি এসএসবি মোতায়েন করা হবে। পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ২০ কোম্পানির মধ্যে ৯ কোম্পানি সিআরপিএফ, ৬ কোম্পানি গুজরাত ও ৫ কোম্পানি কর্নাটক পুলিশ রাখা হবে।
পূর্ব বর্ধমান জেলায় পাঠানো হবে মোট ৩৩ কোম্পানি। ২০ কোম্পানি এসএসবি, ১০ কোম্পানি রাজস্থান, ২ কোম্পানি অন্ধ্রপ্রদেশ ও ১ কোম্পানি সিআরপিএফ রয়েছে এর মধ্যে। পূর্ব মেদিনীপুর জেলায় ২ কোম্পানি ঝাড়খণ্ড, ২৭ কোম্পানি বিহার পুলিশ ও ৮ কোম্পানি নাগাল্যান্ড পুলিশ। পুরুলিয়া জেলায় ২৬ কোম্পানির মধ্যে ২১ কোম্পানি বিএসএফ ও ৫ কোম্পানি আইটিবিপি মোতায়েন করা হবে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় থাকবে ৩০ কোম্পানি বাহিনী। এর মধ্যে ২ কোম্পানি এসএসবি, ১০ কোম্পানি পাঞ্জাব পুলিশ, ১৩ কোম্পানি বিহার পুলিশ ও ৫ কোম্পানি ছত্তীসগড় পুলিশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর জেলায় থাকবে ১৪ কোম্পানি বিএসএফ, ৬ এসএসবি, ৫ কোম্পানি আইটিবিপি।
বিএসএফ-কে পাঠানো চিঠিতে ক্যাটাগরির ভিত্তিতে কেন্দ্রীয় বাহিনী ভাগ করে দেওয়ার তালিকায় দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি বাহিনী দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলায়। মোট ৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে সেখানে।
