২ বছর আগের ঘটনা। ভাসমান প্রমোদতরী থেকে আরিয়ানকে গ্রেফতার করা নিয়ে শোরগোল পড়েছিল গোটা দেশে। অ্যারেস্ট করেছিলেন তৎকালীন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে। ২২ দিন জেলেও রাখা হয়েছিল শাহরুখ পুত্র আরিয়ান খানকে। তবে বছর দুয়েকে আরিয়ান ইস্যুর চিত্র বদলেছে। ছাড়া পেয়েছেন আরিয়ান। উল্টোদিকে অভিযোগ উঠেছে খোদ প্রাক্তন এনসিবি কর্তার বিরুদ্ধেই। এবার সমীর ওয়াংখেড়ের সঙ্গে বলিউড বাদশার চ্যাট এসেছে প্রকাশ্যে। সমীরকে কী মেসেজ করেছিলেন শাহরুখ খান?
ছেলে আরিয়ান জেলে। বাবা শাহরুখ খান একের পর এক মেসেজে করেছেন প্রাক্তন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়েকে। প্রতিটি মেসেজে ছিল শাহরুখের কাকুতি, ছেলের জন্য দুশ্চিন্তা। কিন্তু সেই মেসেজ সিন-ই করেননি সমীর। প্রত্যেক মেসেজের সারবত্তা একটাই– আরিয়ানকে বাড়ি ফিরতে দেওয়ার আর্জি। শাহরুখের পাঠানো গুচ্ছ গুচ্ছ মেসেজের স্ক্রিনশট এখন ভাইরাল। সেখানে দেখা যায়, আরিয়ানের মুক্তিপ্রার্থনা করে এনসিবি-র প্রাক্তন আধিকারিককে রাতবিরেতেও বহু মেসেজ পাঠিয়েছেন শাহরুখ খান। মেলেনি কোনও উত্তর।
প্রকাশ্যে এনেছে মুম্বইয়ের এক সংবাদ সংস্থা। সেখানে দেখা গেছে সমীর সাহেব সম্বোধন করে এক মিনিট একটু কথা বলার জন্য আর্জি জানাচ্ছেন শাহরুখ। নিজের পরিচয়ও দিয়েছেন যে, তিনি শাহরুখ খান। কিন্তু সেই মেজ দেখেননি সমীর। বলিউড বাদশা এমনও মেসেজে বলেছেন যে, অফিশিয়ালি এই অনুরোধ অনুচিত এবং আইনসম্মতও নয়। তবুও বাবা হওয়ার খাতিরে ছেলের মুক্তি প্রার্থনা করছেন বলে জানান তিনি। একবার কথা বলার কাতর অনুরোধ করেন। এরকমই মেসেজে রাতবিরেতেও পাঠিয়েছেন শাহরুখ খান। একদিন অনেক রাতে মেসেজে শাহরুখ লিখেছেন, এত রাতে মেসেজ করার জন্য ক্ষমাপ্রার্থী। এরপরই তিনি নিজের পরিস্থিতির কথা বোঝানোর চেষ্টা করেন। দয়াভিক্ষাও করেন। কিন্তু তাতেও কোনও জবাব আসেনি প্রাক্তন এনসিবি কর্তার।
বাবা হিসেবে শাহরুখ যতভাবে যোগযোগ করা যায় করেছিলেন। আরিয়ান জেল থেকে বেরোনোর পর অন্য মানুষ হয়ে যাবে বলেও মেসেজে লিখেছেন। নতুন প্রজন্মের পাশে থাকার, একটা সুযোগ দেওয়ার আর্জি জানিয়েছিলেন বলিউডের কিং খান।
এখন এনসিবি-র প্রাক্তন আধিকারিক সমীর ওয়াংখেড়ে নিজেই অভিযুক্ত। আরিয়ানকে ছাড়তে শাহরুখ খানের কাছ থেকে ২৫ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন সমীর, এমনই অভিযোগ উঠেছে। এছাড়াও কেন্দ্রীয় তদন্তকারী দলের সূত্রে জানা গেছে, ব্যক্তিগত সম্পত্তি বৃদ্ধি করতে দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন প্রাক্তন এনসিবি কর্তা। তবে এরই মধ্যে শাহরুখ সমীরের চ্যাট প্রকাশ্যে আসাতে দুবছরের পুরনো ঘটনা নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে গোটা দেশ জুড়ে।
